বন্যাদুর্গত ৫০০ পরিবারে খাদ্য বিতরণ করলো সমাজসেবামূলক সংগঠন আল-মিসবাহ ফাউন্ডেশন।
শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম বাঁশখালীর সাধনপুর, বাহারছড়া ও খানখানাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়।
আল-মিসবাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সানাউল্লাহ মাসউদ বলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলা এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এই উপজেলার লোকজনের পাশে দাঁড়াতে। এক্ষেত্রে সহায়তা পৌঁছানো কষ্টসাধ্য এমন দুর্গম ও প্রান্তিক এলাকাকে আমরা প্রাধান্য দিয়েছি। এতে বসবাসরত ৫০০ পরিবারের মাঝে আমাদের রান্না করা খাবার ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। হিন্দু পরিবারগুলোও এর আওতাধীন ছিলো।
বন্যাদুর্গত এলাকাগুলোর ভয়াবহতা ও লোকজনের করুণ অবস্থার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, আমরা যখন নৌকা যোগে খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটায় পৌঁছাই, ঘরবাড়িগুলো পানিতে তলিয়ে গেছে দেখতে পাই। এসময় আশ্রয়হীন হয়ে পড়া লোকজন আশপাশের টিলায় অবস্থান করছিলো।
এছাড়া বাহারছড়া ইউনিয়নের মধ্যম ছৈলানী, ছাপাছড়ি ও মধ্যম ইলিশায় আমরা কোমর সমান পানির উপস্থিতি পাই। গভীর রাতে আমরা যখন সেখানে পৌঁছাই, লোকজন আমাদের দেখে কান্নায় ভেঙে পড়েছিলো।সারাদিন তারা অনাহারে ছিলেন বলে জানান আমাদের।
এসব তো আমাদের ব্যথিত করেছেই তবে সবচেয়ে বেশি ব্যথিত করেছে দুটি শিশুকে দেখে, যারা সারাদিন না খেতে পেয়ে ক্ষুধায় কাতর ছিলো এবং পরিবারের সাথে কাপড়ের বানানো তাবুতে আশ্রয় নিয়েছিলো।
এমন দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় ও অনাহারী লোকজনের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে আল-মিসবাহ ফাউন্ডেশনের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন এবং সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বন্যা কবলিত অন্যান্য এলাকাগুলোতেও সমাজসেবামূলক সংগঠনটির খাদ্য সহায়তা জারি থাকবে বলেও জানান তিনি।










