হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আমেরিকা নেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে এর ব্যয় মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো বহন করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। মঙ্গলবার (১৪ জুলাই) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখব। আমি আশা করছি, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এই অভিযানের খরচ বহন করবে।’
তিনি বলেন, ‘আমরা হরমুজ প্রণালি দখল করে নিচ্ছি। ইরানের কিছুই নেই। আমেরিকা হরমুজের মধ্য দিয়ে নৌচলাচল সুরক্ষার দায়িত্ব নেবে। আমরা এর রক্ষক হয়ে উঠব।’
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন ট্রাম্প।
তিনি জানান, ওয়াশিংটন ইরানি জাহাজ চলাচলের ওপর অবরোধ পুনর্বহাল করবে। তবে অন্য সব বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে।
ট্রাম্প বলেন, ‘বিশ্বের এই অত্যন্ত অস্থিতিশীল অংশে নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের জন্য প্রয়োজনীয় সব খরচ মেটাতে আমেরিকা এই জলপথ ব্যবহারকারী দেশগুলোর পাঠানো পণ্যের মূল্যের ২০ শতাংশের সমপরিমাণ ফি আদায় করবে।’
তবে আমেরিকার মিত্রদেশগুলো এ ধরনের ব্যবস্থায় সম্মত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।










