আমেরিকা ও ইরানের প্রচেষ্টায় হরমুজ প্রণালি দিয়ে তেল প্রবাহের পরিস্থিতির উন্নতি না হলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল।
শুক্রবার (১৭ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফাতিহ বিরোল এ মন্তব্য করেন।
তিনি বলেন, হরমুজের পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বিশ্বের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। তেল নিরাপত্তা এখনো একটি গুরুতর বিষয়।
আইইএ প্রধান বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। এ বিষয়ে আমি উদ্বিগ্ন।
এদিকে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা বৃদ্ধির কারণে এক মাস আগে পাকিস্তানে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে আমেরিকা ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকও ঝুঁকির মুখে পড়েছে।
আল জাজিরার এক সাংবাদিক জানান, ইরানের উপকূলীয় শহরগুলোতে আমেরিকার হামলায় দুটি সেতুসহ বিভিন্ন অবকাঠামো ক্রমবর্ধমানভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
সমঝোতা স্মারকের প্রতি আমেরিকার প্রতিশ্রুতির অভাবের কথা উল্লেখ করে ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে।
ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, হরমোজগান প্রদেশের বন্দর-ই খামির সেতুতে আমেরিকার হামলায় মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।
ইরানের সামরিক বাহিনী জর্ডানে অবস্থিত একটি আমেরিকান সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার বিষয়টিও নিশ্চিত করেছে।










