spot_img

বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে হেফাজতে ইসলাম

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির উদ্যোগে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ও পানিবন্দী পরিবারের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) ত্রাণ বিতরণ কার্যক্রমে সরাসরি উপস্থিত হয়ে বন্যাকবলিত মানুষের হাতে ত্রাণ ও নগদ সহায়তা তুলে দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এবং আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাঁশখালীর তিনটি ইউনিয়ন ও পেকুয়া উপজেলার কয়েকটি এলাকায় নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এলাকাগুলোর মধ্যে রয়েছে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ইলশা ও বাঁশখালা গ্রাম, সরল ইউনিয়নের ১, ২ ও ৫ নম্বর ওয়ার্ড, ভাদালিয়া ইউনিয়নের মিনজিতলা গ্রাম এবং পেকুয়া উপজেলার বিলাছুরা, নন্দীপাড়া ও মেহেরনামা গ্রাম।

ত্রাণ বিতরণ কার্যক্রমে হেফাজতের স্বেচ্ছাসেবকেরা দিনব্যাপী বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে ঘরে ঘরে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেন।

ত্রাণ বিতরণকালে হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব। হেফাজতে ইসলাম সবসময় মজলুম ও অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, শুধু ত্রাণ সহায়তা দিয়েই আমাদের দায়িত্ব শেষ নয়। বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও আমাদের কাজ করার পরিকল্পনা রয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও দুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, নায়েবে আমীর ও হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুফতী জসিম উদ্দিন, জিরি মাদরাসার মুহতামিম ও হেফাজতের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব, জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা মুফতী ইকরাম হোসাইন অদুদী এবং জামেয়া আজিজুল উলুম বাবুনগরের নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরী।

এ ছাড়া বাঁশখালী উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা নুরুল হক সুজিশ, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান জসিম, পৌরসভা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা অর্থ সম্পাদক মাওলানা জুনাইদুর রশিদ শওকী এবং সহসাংগঠনিক সম্পাদক ক্বারী মাওলানা ইমরান মাহমুদসহ সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

দুর্যোগের এই কঠিন সময়ে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হেফাজতে ইসলাম এবং সংগঠনটির নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ