দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জোহর নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি পালন করবে দলটি।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বৈঠকে নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পলাতক আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। টুঙ্গিপাড়া থানা জ্বালিয়ে দেওয়া, সরকারি স্থাপনা ধ্বংস, সরকারদলীয় সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে।
দলটির নেতারা বলেন, এসব পরিস্থিতি মোকাবিলায় বর্তমান বিএনপি সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।
পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতারা। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া এবং আওয়ামী ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান তাঁরা।
দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জননিরাপত্তা প্রতিষ্ঠার আহ্বান জানান দলের নেতারা। একই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস, সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানান তাঁরা।
খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসীর আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন ও মাওলানা আহমদ বিলাল।











