বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পাসপোর্টের ভেতরের পাতাগুলোর জলছাপ পরিবর্তন করে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি যুক্ত করা হচ্ছে। নতুন পরিবর্তনের অংশ হিসেবে পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গও স্থান পাচ্ছে।
এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জলছাপ হিসেবে যুক্ত হচ্ছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি।
আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের মতো তরুণদের আত্মত্যাগে সংঘটিত গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্ত এবার বাংলাদেশের নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণ নথিতে স্থান পাচ্ছে।
অনুমোদিত নতুন নকশা অনুযায়ী, পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন ও সুপ্রিম কোর্টের পাশাপাশি কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানামনগর ও কার্জন হলের মতো ঐতিহাসিক স্থাপনার ছবি যুক্ত করা হয়েছে।
এ ছাড়া প্রাকৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে ঝাউবনসহ কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির ছবি জলছাপ হিসেবে ব্যবহার করা হবে।
জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ ও জাতীয় ফল কাঁঠালের পাশাপাশি পাসপোর্টে স্থান পেয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, পাসপোর্টের তথ্যপাতায় আগের মতোই ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের জন্য এটি বৈধ থাকার বিষয়টি বহাল থাকছে।
সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।










