গাজ্জা সিটির রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি শহিদ হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার (৩ অক্টোবর) ভোরে পশ্চিম গাজ্জা সিটির আল-আসালা ভবনে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা।
আল-শিফা হাসপাতাল জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন বয়স্ক খ্রিষ্টান নারী ও তার মেয়েও রয়েছেন। আহত ছয়জনকে চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রিমাল এলাকার আল-আসালা ভবনের একটি অ্যাপার্টমেন্টে হামলাটি চালানো হয়। হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন আল-জাজিরার খান ইউনিস থেকে প্রতিবেদক হানি আল-শায়ের।
হানি আল-শায়ের জানান, হামলার সময় বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। প্রথমে যুদ্ধবিমানগুলোর শব্দ বাড়তে থাকে। এরপর পরপর তিনটি হামলা চালানো হয়। এতে লক্ষ্যবস্তু অ্যাপার্টমেন্টটি ধ্বংস হওয়ার পাশাপাশি ভবনটির নিচের তলাগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। প্রায় এক ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকার পর ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা তা নিয়ন্ত্রণে আনেন।
তিনি জানান, হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে সিভিল ডিফেন্স। মরদেহ উদ্ধারের কাজও চলছিল। এ সময় এলাকায় ইসরাইলি ড্রোন উড়তে দেখা যায় এবং যুদ্ধবিমান নিচু দিয়ে উড়ে যাওয়ার শব্দ শোনা যায়।
হানি আল-শায়ের আরও জানান, রিমাল গাজ্জা সিটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। সেখানে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি অস্থায়ী তাঁবু ও আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।
সূত্র: আল-জাজিরা











