spot_img

পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলিরা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনাবাহিনীর মদদে আহমদ আদেল আবু মুখো (২৬) ও ওদেহ আবদুল রহিম ওদেহ ফারাখনেহ (৫৩) নামে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে অবৈধ বসতি স্থাপনকারীরা।

রোববার (১৯ জুলাই) রামাল্লার উত্তর-পূর্বে অবস্থিত দেইর জারির এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাতে একদল ইসরাইলি বসতি স্থাপনকারী দেইর জারির শহরে হামলা চালালে ঘটনার সূত্রপাত হয়।

দেইর জারির গ্রাম পরিষদের প্রধান ঈদ হাম্মাদ বলেন, বসতি স্থাপনকারীরা পুরোনো শহরের একটি বাড়িতে হামলা চালিয়ে বেশ কয়েকটি ভেড়া চুরি করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা হামলা ঠেকানোর চেষ্টা করলে বসতি স্থাপনকারী ও ইসরাইলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

তিনি বলেন, ইসরাইলি বাহিনী আহতদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছাতে বাধা দেয়। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরাইলি সেনারা তাদের একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও গুলি চালিয়েছে।

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা দীর্ঘদিন ধরেই চলে আসছে। তবে ২০২৩ সালের অক্টোবরে গাজ্জায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে।

বসতি স্থাপনকারীরা এখন প্রায় প্রতিদিনই ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে হামলা চালাচ্ছে। এসব হামলার মধ্যে রয়েছে অগ্নিসংযোগ, ভাঙচুর, শারীরিক হামলা এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা। প্রায়ই ইসরাইলি বাহিনীর সুরক্ষায় এসব হামলা চালানো হয়।

শনিবার নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তেল গ্রামে ফিলিস্তিনি মালিকানাধীন একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বসতি স্থাপনকারীরা। অন্যদিকে রামাল্লার পশ্চিমে দেইর কাদ্দিস এলাকায় কয়েক ডজন জলপাইগাছ পুড়িয়ে দেয় ইসরাইলি সেনাবাহিনী।

গত মাসে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন জানায়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা নজিরবিহীন ও ধারাবাহিকভাবে বেড়েছে।

কমিশন জানায়, আর্থিক সহায়তা, লজিস্টিক সহায়তা ও সামরিক সুরক্ষা দেওয়ার মাধ্যমে ইসরাইল সরকার এসব হামলাকে সমর্থন করছে।

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরলিধর বলেন, “বসতি স্থাপনকারীদের সহিংসতা ইসরাইলি নীতির সরাসরি ফল। এসব নীতি তাদের কর্মকাণ্ডকে সমর্থন করে, সুযোগ করে দেয় এবং সুরক্ষা প্রদান করে।”

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে বসতি স্থাপনকারীরা সাত ফিলিস্তিনিকে হত্যা এবং আরও ৮৩২ জনকে আহত করেছে। নিহত ও আহতের এ সংখ্যা আগের বছরের তুলনায় ১৩০ শতাংশ বেশি।

২০২৬ সালেও এ সহিংসতা অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই হামলার খবর পাওয়া যাচ্ছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপনিবেশায়ন ও প্রাচীর প্রতিরোধ কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে বসতি স্থাপনকারীরা অন্তত ৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের মধ্যে অন্তত ১৫ জন চলতি বছর নিহত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ