সৌদি আরবকে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে সহায়তার লক্ষ্যে করা পারমাণবিক চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২২ জুলাই) আমেরিকার সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৩০ বছর মেয়াদি এই চুক্তির সম্ভাব্য মূল্য কয়েক বিলিয়ন ডলার। চুক্তির মূল উদ্দেশ্য হলো, সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো উন্নয়নে আমেরিকার কোম্পানিগুলোকে কেন্দ্রীয় ভূমিকা দেওয়া এবং এ খাত থেকে অন্যান্য বিদেশি প্রতিযোগীদের দূরে রাখা।
প্রতিবেদনে আরও বলা হয়, আমেরিকা ও সৌদি আরবের যৌথ পর্যালোচনায় প্রয়োজনীয়তা প্রমাণিত হলে সৌদি আরবে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করবে আমেরিকার প্রতিষ্ঠানগুলো।
এ ছাড়া চুক্তিটির মাধ্যমে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণে আমেরিকার একটি ভূমিকা থাকবে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, এর ফলে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি যেন অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করতে সহায়তা করবে।
তবে আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটি পর্যালোচনার জন্য আমেরিকার কংগ্রেসে পাঠানো হলে তা আপত্তির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সৌদি আরবের পারমাণবিক সক্ষমতা সম্প্রসারণ নিয়ে অনেক আইনপ্রণেতার উদ্বেগ রয়েছে।










