spot_img

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ পার্টির

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে একচুলও সরে আসবে না বলে জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দলটি।

বুধবার (২২ জুলাই) সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই এখন তাদের প্রধান দাবি। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তিনি জানান, দিনভর সোনম ওয়াংচুকের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে নেওয়ার বিষয়ে উভয়েই একমত হয়েছেন।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, “আমাদের আন্দোলনের শক্তি শান্তি ও অহিংসায়। সরকারের কঠোর দমন-পীড়নের মধ্যেও আমাদের সমর্থকেরা যে ধৈর্য, সাহস ও সংযম দেখিয়েছেন, তার জন্য আমি গর্বিত।”

তিনি আরও বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া এবং ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না। সোনম ওয়াংচুকের অনশন কোনোভাবেই বিফলে যেতে দেব না।”

এদিকে বুধবার সোনম ওয়াংচুক জানান, পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক বা প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হবে না—কেন্দ্রীয় সরকার এমন স্পষ্ট ও নিঃশর্ত আশ্বাস দিলেই তিনি অনির্দিষ্টকালের অনশন প্রত্যাহার করবেন।

অন্যদিকে, চলমান আন্দোলনকে কেন্দ্র করে দিল্লি পুলিশ ১০টি পৃথক এফআইআর দায়ের করেছে। বুধবার পুলিশের এক কর্মকর্তা জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, ১৮ জুলাই থেকে দায়ের করা মামলাগুলোতে বেআইনি সমাবেশ এবং জারি থাকা নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় প্রায় ৪০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এদিকে মুম্বাইয়েও সিজেপির সমর্থনে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে ১৩টি মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ।

বুধবার সন্ধ্যায় নয়াদিল্লির যন্তর মন্তরের কাছে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দিল্লি পুলিশের কয়েকজন সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও দিল্লি পুলিশ সীমিত বলপ্রয়োগ করে। এ সময় জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।

**সূত্র: দ্য হিন্দু ও ইন্ডিয়া টুডে**

spot_img
spot_img
spot_img

সর্বশেষ