spot_img

মোদি সরকারের সঙ্গে বৈঠকে বসছে ককরোচ পার্টি

পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করে নিলেও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

নিজেদের দাবি-দাওয়া নিয়ে আজ শুক্রবার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন আন্দোলনকারীরা।

স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিজেপি আগে থেকেই জানিয়ে আসছিল, কোনো কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে নয়—আলোচনা হতে হবে নিরপেক্ষ কোনো স্থানে। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতেই বৈঠকের স্থান হিসেবে কনস্টিটিউশন ক্লাবকে বেছে নেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার সকাল থেকে দিল্লির যন্তর মন্তর এলাকায় আবারও আন্দোলনকারীদের ভিড় বাড়তে শুরু করেছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এদিন দিল্লির ১৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রাজীব চক, দিল্লি গেট, সেবা তীর্থ ও সুপ্রিম কোর্ট স্টেশন। বৃহস্পতিবার একই কারণে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল।

বৈঠকে দুই পক্ষের প্রতিনিধি হিসেবে কারা অংশ নেবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস শুক্রবার সকালে বলেন, “আমাদের প্রতিবাদ চলবে। সরকারের মন্ত্রীদের সঙ্গে আলোচনার জন্য কনস্টিটিউশন ক্লাবকে বেছে নেওয়া হয়েছে। আশা করছি, মুক্ত ভাবনা নিয়ে আলোচনা হবে।”

দলটির আরেক মুখপাত্র বৈষ্ণবী গৌর বলেন, “প্রথম দিন থেকেই আমরা আমাদের দাবিগুলোতে অনড়। সেগুলোর কথাই সরকারকে জানাব।”

সিজেপির প্রধান দাবি তিনটি। সেগুলো হলো—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করা।

**সূত্র: আনন্দবাজার অনলাইন**

spot_img
spot_img
spot_img

সর্বশেষ