ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা চললেও তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না এবং ওয়াশিংটন সামরিকভাবেও পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে পারমাণবিক উদ্ভাবনবিষয়ক একটি বিশেষ সভা ডাকেন ট্রাম্প। তবে সেখানে উপস্থিত সাংবাদিকদের আগ্রহ দ্রুতই ইরান পরিস্থিতির দিকে মোড় নেয়।
সম্প্রতি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলার ইঙ্গিত দিয়ে ট্রাম্পের করা মন্তব্যের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি জানান, ওয়াশিংটন বর্তমানে তেহরানের সঙ্গে আলোচনায় রয়েছে।
ট্রাম্পের এই বক্তব্য চলতি সপ্তাহে অন্য মার্কিন কর্মকর্তাদের দেওয়া বার্তার সঙ্গে সাংঘর্ষিক। এত দিন মার্কিন প্রশাসন ইঙ্গিত দিয়ে আসছিল, কূটনীতির সুযোগ প্রায় শেষ হয়ে এসেছে এবং এখন তাদের মূল মনোযোগ সামরিক পদক্ষেপের দিকে।
আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে ট্রাম্প বলেন, “ইরান বিষয়টিকে এখন বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং তাদের তা নেওয়াও উচিত।”
একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকা এখনো পুরোপুরি প্রস্তুত রয়েছে।
ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চলমান আলোচনায় তার মন্ত্রিসভার শীর্ষ সদস্যরা যুক্ত রয়েছেন। এ সময় তিনি বিশেষভাবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নাম উল্লেখ করেন।
চলমান সংঘাতের প্রেক্ষাপটে তার কৌশল বা এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ কী হবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার দৃষ্টিতে সম্ভাব্য কয়েকটি পথ রয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।
বার্তার শেষ দিকে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তবে কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়েও তার কোনো তাড়াহুড়ো নেই।










