সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। একই সঙ্গে শহীদ শরীফ ওসমান বিন হাদিকে আজীবনের জন্য সংগঠনটির মুখপাত্র ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ সভায় সব সদস্যের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আব্দুল্লাহ আল জাবের আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম জুমা সদস্য সচিব নির্বাচিত হন।
নির্বাচনের পর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব তাঁদেরসহ আট সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রকিবুল ইসলাম (রোকসান রাকিব), সহসাংগঠনিক সম্পাদক হিসেবে শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক হিসেবে রায়হান আহমেদ, অর্থ সম্পাদক হিসেবে মুহাম্মদ ওমর, মিডিয়া ও প্রচার সম্পাদক হিসেবে নাঈম ইবনে জাহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হিসেবে হাবিবুল্লাহ মিশবাহ দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং যোগ্য ও জ্যেষ্ঠ সদস্যদের মূল্যায়নের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।
সার্চ কমিটির আহ্বায়ক করা হয়েছে জি এস সাবিরকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুনুর রহমান আদনান। কমিটির সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার ও শাকিব সারওয়ার।
সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত নেতৃত্ব ইনকিলাব মঞ্চকে একটি আদর্শিক, গণমুখী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সব সদস্য, শুভানুধ্যায়ী ও দেশবাসীর দোয়া, সহযোগিতা এবং গঠনমূলক পরামর্শ কামনা করেছেন।
পাশাপাশি সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ঘোষিত আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা।










