আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে পাঁচ কোটি ডলার মূল্যের ২৫টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরিফ শহরে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় ব্যবসায়িক ফোরামে এসব চুক্তি সই হয়।
আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রাদেশিক বিষয়ক উপপ্রধান ফয়েজ আহমদ খাওয়াফি বলেন, উজবেকিস্তানের ১৩০ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী, দেশটির ফারগানা অঞ্চলের গভর্নর, আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
খাওয়াফির মতে, এসব চুক্তির লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করা।
বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা এবং আঞ্চলিক অর্থনৈতিক সংহতি এগিয়ে নিতে আফগানিস্তান ও উজবেকিস্তানের চলমান প্রচেষ্টার প্রতিফলন এই ব্যবসায়িক ফোরাম।










