হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া নৌপথের একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাল্টা প্রস্তাব দিয়েছে তেহরান।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।
ঘারিবাবাদি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথ ইরান ও ওমানের মধ্যে সমানভাবে ভাগ করার প্রস্তাব দিয়েছিল মাস্কাট। তবে তেহরান সেই প্রস্তাব গ্রহণ করেনি।
তিনি বলেন, ‘ওমান আমাদের প্রস্তাব দিয়েছিল, হরমুজ প্রণালিতে একটি নৌপথ তৈরি করা হবে। এর ৫০ শতাংশ থাকবে আমাদের আঞ্চলিক জলসীমায় এবং বাকি ৫০ শতাংশ থাকবে ওমানের আঞ্চলিক জলসীমায়।’
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পথটি এমন হতে পারে, যেখানে জাহাজগুলো আমাদের জলসীমা দিয়ে প্রবেশ করবে এবং ওমানের আঞ্চলিক জলসীমা দিয়ে বের হবে।’
তিনি আরও বলেন, ‘ওমানের কাছে আমাদের প্রস্তাব হলো, হরমুজ প্রণালির ট্রানজিট পথের একটি অংশ আমাদের আঞ্চলিক জলসীমার মধ্যে থাকবে। একই সঙ্গে ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া পথের অংশও আমাদের নিয়ন্ত্রণে থাকবে।’
ওমান এই প্রস্তাব মেনে না নিলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলেও জানান কাজেম ঘারিবাবাদি।
সূত্র: আল-জাজিরা










