spot_img

কাঁধে বহনযোগ্য চীনা ক্ষেপণাস্ত্রব্যবস্থা পাচ্ছে ইরান

আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য ৩০০ থেকে ৪০০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থার প্রথম চালান পেতে যাচ্ছে ইরান। তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (২৯ জুলাই) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রায় ৬ থেকে ৭ কোটি মার্কিন ডলার মূল্যের এ চুক্তিতে কিউডব্লিউ-১২ ও এফএন-১৬ মডেলের বহনযোগ্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হংকংভিত্তিক ঝংচিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিটি সম্পন্ন হয়েছে।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

রয়টার্সের দাবি, আমেরিকা ও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় দেশটি স্বল্পপাল্লার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

নতুন এসব মোবাইল ক্ষেপণাস্ত্রব্যবস্থা দ্রুত মোতায়েন করা যায়। এগুলোর মাধ্যমে ড্রোন, হেলিকপ্টার ও নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান প্রতিহত করা সম্ভব।

এ ছাড়া ইরান চীনের কাছ থেকে অন্যান্য সামরিক সরঞ্জাম, বিশেষ করে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংগ্রহের বিষয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ