spot_img

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্য থেকে প্রার্থী চূড়ান্ত করবে বিরোধীদল

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিরোধী দলের প্রার্থী চূড়ান্ত করা হবে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে। এ লক্ষ্যে রবিবার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে রবিবার ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি ওই বৈঠকেই চূড়ান্ত করা হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচনায় এসেছে। এর মধ্যে জামায়াতের পাশাপাশি ১১ দলীয় ঐক্যের শীর্ষ কয়েকজন নেতার নাম নিয়েও আলোচনা হয়েছে।

তবে এক্ষেত্রে কোনো সংসদ সদস্যকে প্রার্থী না করার বিষয়টি প্রাধান্য পেয়েছে বলে জানা গেছে। ১১ দলীয় ঐক্যের বৈঠকে জামায়াতের প্রস্তাবিত নামগুলো নিয়ে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করা হবে।

এছাড়া জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এদিকে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ