বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা দেয়াপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে সাবেক ইউপি সদস্য শেখ মুজিবুর রহমানের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শেখ মুজিবুর রহমান উপজেলার সদর ইউনিয়নের পাগলা দেয়াপাড়া গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ওই বসতঘর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে মুজিবুর রহমানকে খাটের ওপর মৃত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শেখ মুজিবুর রহমানকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, গত তিন দিনের যেকোনো সময় তিনি মারা গেছেন।
জানা গেছে, শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও সন্তানরা অনেক আগেই মারা গেছেন। তার এক মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। ছেলের সন্তান অর্থাৎ নাতি মো. সাইদুর রহমান ইমন অন্যত্র থাকেন। ফলে তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন বলে জানান স্থানীয়রা।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে কীভাবে তিনি মারা গেছেন, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। মরদেহ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আরও দুই থেকে তিন দিন আগে মারা গেছেন।











