আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আজ সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
গত ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে ফুয়াদকে তলব করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে ৪ নভেম্বর দিন ধার্য করা হয়। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় সেদিন হাজির হয়ে ব্যাখ্যা দিতে সময় চান ফুয়াদের আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আজকের দিন নির্ধারণ করেন।
ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ তার ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।
সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে একপর্যায়ে ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, ফুয়াদের ওই বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন। ওই বক্তব্যের ব্যাখ্যা দিতে তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।











