spot_img
spot_img

বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইনেই নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড চালানোর অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রেক্ষাপটে দলটিকে পুরোপুরি নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই বলে মনে করছেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। তাদের মতে, বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইনেই আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করার আইনি সুযোগ রয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল মিলে সংবিধান সংশোধন করবে। তবে বিশেষজ্ঞদের মতে, বিদ্যমান আইনেই দলটির কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রয়েছে। ইতোমধ্যে এই আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

সংবিধান বিশেষজ্ঞ মাহফুজুর রহমান মিলন বলেন, সংবিধানে কোনো রাজনৈতিক দলকে সরাসরি নিষিদ্ধ করার কথা উল্লেখ থাকবে না। তবে আইনে সেই ক্ষমতা রয়েছে। আইনের মাধ্যমেই কোনো দলকে নিষিদ্ধ করা যেতে পারে। ইতোমধ্যে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষেত্রেও সেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে সংগঠনটি নিষিদ্ধ করা এবং এর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, এই মুহূর্তে নতুন আইন প্রণয়ন করলে বিতর্ক তৈরি হতে পারে। তার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করা এবং তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হলে সংগঠনটিকে নিষিদ্ধ করাই বেশি বাস্তবসম্মত। এতে আইনি, রাজনৈতিক কিংবা অন্য কোনোভাবে চ্যালেঞ্জ করার সুযোগ তুলনামূলক কম থাকবে বলে তিনি মনে করেন।

সংবিধানের ৩৮ অনুচ্ছেদে নাগরিকদের সংগঠন করার অধিকার দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে দলটির কর্মী-সমর্থকদের সাংগঠনিক অধিকার খর্ব হবে কি না, এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা বলছেন, কোনো সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তার ক্ষেত্রে এই অধিকার প্রযোজ্য হবে না।

তাজুল ইসলাম বলেন, সংবিধানের ৩৮ অনুচ্ছেদে রাজনৈতিক দল হিসেবে সংগঠন করার অধিকার দেওয়া হলেও তা শর্তযুক্ত। রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি না করে রাজনৈতিক দল করতে হবে। কিন্তু আওয়ামী লীগ সেই জায়গাতেই হুমকি তৈরি করছে।

সংবিধান বিশেষজ্ঞ মাহফুজুর রহমান মিলন বলেন, সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে, জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বিধিনিষেধের সাপেক্ষে সংগঠন করার স্বাধীনতা থাকবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে মিত্রশক্তির কন্ট্রোল কাউন্সিলের আইনের মাধ্যমে জার্মানির নাৎসি পার্টি ও এর সহযোগী সংগঠনগুলো বিলুপ্ত করা হয়। অন্যদিকে, ইতালির সংবিধানের দ্বাদশ অন্তর্বর্তী বিধানে ফ্যাসিস্ট পার্টি নিষিদ্ধ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ