spot_img
spot_img

গণভোটের রায় কার্যকর করতে হবে, তা ছাড়া দেশে শান্তি আসবে না: এটিএম আজহার

গণভোটে ৭০ ভাগ মানুষের দেওয়া রায় কার্যকর না করলে দেশে শান্তি আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, আমরা জনগণের ঐক্য চাই। জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জরুরি জেলা ও মহানগরী আমীর সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সম্মেলনটি বিকেল ১টায় শেষ হয়।

এটিএম আজহারুল ইসলাম বলেন, সংবিধান সংস্কার না হলে দল হিসেবে আওয়ামী লীগ না এলেও নাম পরিবর্তন করে আওয়ামী চরিত্রের দল ক্ষমতায় আসবে এবং ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবে। আমরা এটি হতে দিতে পারি না। এ পথ বন্ধ করতে হবে। এ জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছি।

তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে জামায়াত সব সময় জনগণের সঙ্গে ছিল। বর্তমান পরিস্থিতিতে পলাতক ফ্যাসিস্টরা জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর জন্য একমাত্র দায়ী সরকার। দেশ রক্ষা, সীমান্ত রক্ষা ও জনগণের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার সেটি করতে পারছে না, বরং কোথাও কোথাও উসকানি দিচ্ছে। কার স্বার্থে, কাদের খুশি করার জন্য তারা এ উসকানি দিচ্ছে, জাতি তা জানতে চায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ শক্তের ভক্ত, নরমের যম। জনগণ শক্ত হয়ে দাঁড়ালে আওয়ামী লীগ পালানোর জায়গা পাবে না। অনেকে পালিয়ে গেছে, বাকিরাও পালানোর জায়গা পাবে না। সরকারকে সন্ত্রাসীদের শক্তভাবে দমন করতে হবে। জনগণের যাতে ক্ষতি না হয়, সেজন্য দায়িত্বশীল দল হিসেবে জামায়াতে ইসলামী মাঠে-ময়দানে থাকবে। একই সঙ্গে জনগণের দাবি সরকারকে মেনে নিতে হবে।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণ দুটি ভোট দিয়েছে উল্লেখ করে এটিএম আজহারুল ইসলাম বলেন, একটি সরকার গঠনের জন্য এবং অন্যটি সংবিধান সংস্কারের জন্য গণভোট। আমরা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়ে দুটি শপথ নিয়েছি। একটি সংসদ সদস্য হিসেবে, অন্যটি সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের সদস্য হিসেবে। কিন্তু বিএনপি একটি শপথ নিয়েছে, গণপরিষদের শপথ নেয়নি। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং জনগণকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে।

তিনি বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এখনো সুযোগ আছে। বিএনপি যেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় এবং সংবিধান সংস্কার করে। আমাদের ঐক্যের ভিত্তি হবে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও চব্বিশের চেতনা। এর বাইরে জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করতে পারবে না। জনগণের কাছে দেওয়া ওয়াদা আমরা ভঙ্গ করব না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, সরকার দেশ ও জাতির নিরাপত্তা বিঘ্নিত করলে জনগণ তা মানবে না। আমরা জনগণের পাশে দাঁড়াব। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই দেশের ঐক্য গড়ে উঠবে। যেকোনো ধরনের আঘাত প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ থাকব। সাহসিকতার সঙ্গে আঘাতের জবাব দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সাইফুল আলম খান মিলন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল ও মোহাম্মদ সেলিম উদ্দিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ