spot_img
spot_img

ঐক্যবদ্ধভাবে নিষিদ্ধ আ.লীগের আগুনসন্ত্রাস রুখে দেওয়া হবে: দুলু

নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি অভিযোগ করেন, পাশের দেশে পালিয়ে যাওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীরা দেশের বিভিন্ন স্থানে রাতের আঁধারে অগ্নিসন্ত্রাস ও পেট্রল বোমা হামলা চালিয়ে মানুষ হত্যার চেষ্টা করছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পাশের দেশে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অনুসারী দেশের বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে অগ্নিসন্ত্রাস করছে। বিভিন্ন স্থানে পেট্রল বোমা মারছে। থেমে থাকা যানবাহনে আগুন দিয়ে মানুষ মারছে। তাদের এসব অগ্নিসন্ত্রাস চলতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে।

তিনি বলেন, নিজেদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যাপারে দেশের সব মানুষ ঐক্যবদ্ধ। দেশের মানুষ জুলাই বিপ্লবের কথা ভুলে যায়নি। জুলাই বিপ্লবের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দেশের সাধারণ ছাত্র-জনতার ওপরে হামলা করে নির্বিচারে মানুষ হত্যা করেছে। শিশু থেকে নারী কাউকে রেহাই দেয়নি। ছাত্রীদের ওপরে হামলা করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করেছে। এসব কথা দেশের মানুষের মনে আছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নতুন করে নৈরাজ্য করার চেষ্টা করছে। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এর সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার সমালোচনা করে দুলু বলেন, ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়া নেত্রী শেখ হাসিনা পাশের দেশে নিরাপদে বসে থেকে নিজের দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলছে। নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাসের জন্য উৎসাহিত করে তাদের বিপদে ফেলার পাশাপাশি দেশের সাধারণ মানুষকে হত্যা করতে উৎসাহিত করছে। দেশের সম্পদ পুড়িয়ে দেশকে অকার্যকর প্রমাণ করার বৃথা চেষ্টা করছে।

তিনি বলেন, এই দেশে আওয়ামী লীগকে আর কখনো মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। তাদের সব অপকর্ম সম্পর্কে দেশের মানুষ সজাগ রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ