দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী ও তার সরকার একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চান উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, তারেক রহমান ও তার সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে বাংলাদেশ হবে মানবিক ও উন্নয়নমুখী।
বিপদে-আপদে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বিশিষ্ট এই চিকিৎসক বলেন, আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে। সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমরা সকলে মিলে কাজ করব। আমাদের গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ।
নিজেদের অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।
অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের অন্তর্গত গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানার মোট ১৬৫ জনকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। তাদের মধ্যে দুস্থ ও অসহায় ১০৭ জন, মেধাবী শিক্ষার্থী ২ জন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য ৪০ জন রয়েছেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।











