রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘জাতির সঙ্গে কখনও বেঈমানি করব না। জাতির জন্য যেটা ভালো, সেটাই করব।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দেশের কল্যাণের জন্য সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছি।’
এর আগে রোববার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন জোটের নেতারা।
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ অংশ নেন।
এছাড়া উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসীরুদ্দীন পাটওয়ারী।










