বর্তমান বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিরোধীদল আগের মতো ভূমিকা পালন করে শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে। তারা গণতন্ত্রের গলা টিপে ধরার চেষ্টা করছে। তিনি বলেন, দ্রুত গ্যাস সংকটের সমাধান করা হবে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের একমাত্র গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানটিও ধ্বংস করে গেছে।
রবিবার (৯ আগস্ট) রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ৪ হাজার ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম ও হাজার হাজার খুন করা হয়েছে। এ ছাড়া আমেরিকা-ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এ কারণে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।
তিনি বলেন, সব সংকট মোকাবিলা করে দ্রুত গ্যাস সংকটের সমাধান করা হবে।
বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, তারা আগের হাসিনার ভাষায় কথা বলছেন এবং সব সংকট এখনই সমাধান চান। তবে সংকট সমাধানে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।










