হরমুজ প্রণালীর ওপর আমেরিকার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও দখলদার অবৈধরাষ্ট্র ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খবর আল জাজিরার।
বুধবার (১২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ দাবি করেন ট্রাম্প। এর আগে সাংবাদিকদের কাছেও একই ধরনের বক্তব্য দিয়েছিলেন তিনি।
ট্রাম্প লেখেন, ‘হরমুজ প্রণালীর ওপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমি মনে করি, আমরা এটি ধরে রাখব!’
তিনি আরও দাবি করেন, ইরানের বন্দরগুলোতে আমেরিকার চলমান অবরোধকে সবাই ‘ইস্পাতের প্রাচীর’ বলছে এবং এ বিষয়ে ইরানের কিছুই করার নেই।
ট্রাম্প লেখেন, ‘ইরান শুধু কথা বলে, কাজ করে না; মধ্যপ্রাচ্যের উৎপীড়ক আর নয়।’ নিজের বার্তার শেষে তিনি লেখেন, ‘সকল প্রশংসা আল্লাহর!’
তবে ট্রাম্পের এমন দাবির মধ্যেও হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব অব্যাহত রয়েছে। ভবিষ্যতে প্রণালীটির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান।
ইরান-ওমান আলোচনার কারণে আমেরিকার সঙ্গে বৃহত্তর শান্তি আলোচনা মূলত স্থগিত রয়েছে। কারণ হরমুজ প্রণালী নিয়ে চলমান এই আলোচনায় ওয়াশিংটন অন্তর্ভুক্ত নয়।
ইরান জানিয়েছে, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশে আটকে থাকা তাদের সম্পদ অবমুক্ত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে পূর্ণাঙ্গ জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না।
এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র আটটি জাহাজ চলাচল করেছে। যুদ্ধের আগে প্রতিদিন এই প্রণালী দিয়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত।
বাণিজ্য বিশ্লেষণ প্ল্যাটফর্ম কেপলারের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের এই সংখ্যা গত ১০ দিনের দৈনিক গড় প্রায় ১২টি জাহাজের চেয়েও কম।
সূত্র: আল জাজিরা, রয়টার্স










