হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো প্রজ্ঞাবান, সাহসী ও নিষ্ঠাবান আলেমে দ্বীনের বর্তমান সময়ে বড়ই প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (১৯ আগস্ট) আল্লামা বাবুনগরীর পঞ্চম মৃত্যুবার্ষিকীর দিনে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান লিখেছেন, “দ্বীন, দেশ ও জাতির কল্যাণে আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহি.)-এর মতো প্রজ্ঞাবান, সাহসী ও নিষ্ঠাবান আলেমে দ্বীনের আজ বড়ই প্রয়োজন।”
তিনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর, বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী ব্যক্তিত্ব হিসেবে আল্লামা জুনায়েদ বাবুনগরী দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২১ সালের ১৯ আগস্ট তিনি দুনিয়ার সফর শেষ করে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জামায়াতের আমীর লিখেছেন, “দ্বীন, দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান এবং ইসলামী শিক্ষা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ সংগ্রাম আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। বর্তমান সময়ে দেশ ও জাতির সঠিক দিকনির্দেশনার জন্য তাঁর মতো প্রজ্ঞাবান, সাহসী ও নিষ্ঠাবান আলেমে দ্বীনের বড়ই প্রয়োজন।”
আল্লামা বাবুনগরীর জন্য দোয়া করে তিনি লিখেছেন, “মহান আল্লাহ তাআলা আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহি.)-এর সকল খেদমত কবুল করুন, তাঁর ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর রেখে যাওয়া দ্বীনি দায়িত্বগুলো যথাযথভাবে পালনের তাওফিক আমাদের সবাইকে দান করুন। আমীন।”










