আলোর মুখ দেখছে তুরস্কের নিজস্ব প্রযুক্তির বহুল প্রত্যাশিত দ্রুতগামী আক্রমণাত্বক নৌযান।
সম্প্রতি দেশটির জাতীয় প্রতিরক্ষা কোম্পানি এসটিএম, ইস্তাম্বুলে শুরু হওয়া নৌ-টেক বিষয়ক প্রদর্শনী টেকনোফেস্ট ব্লু-হোমল্যান্ডে এটি প্রদর্শন করে।
কোম্পানিটির মহাব্যবস্থাপক ওজগুর গুলেরিউজ এবিষয়ে বলেন, চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুর দিকে এই (নিজস্ব নকশা ও প্রযুক্তির প্রথম দ্রুতগামী আক্রমণাত্মক নৌযান) প্রকল্পের প্রথম প্রোটোটাইপ পানিতে নামানোর পরিকল্পনা রয়েছে। এরপর নৌযানটিতে প্রয়োজনীয় সরঞ্জাম ও ব্যবস্থা সংযোজনের কাজ শুরু হবে।
এছাড়াও বলেন, তুর্কি নৌবাহিনীর জন্য আরো সাতটি ইস্তিফ-শ্রেণির ফ্রিগেট (তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বহুমাত্রিক যুদ্ধজাহাজ) নির্মাণ অত্যন্ত দ্রুতগতিতে চলছে। আমরা যত দ্রুত সম্ভব এর নির্মাণ ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ করার পরিকল্পনা করছি।
তিনি জানান, সামরিক সামুদ্রিক ক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষতা লাভে এসটিএম আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য কোম্পানিটি কার্গু ড্রোন কর্মসূচির মাধ্যমে অর্জিত কৌশলগত মানববিহীন আকাশযানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানববিহীন ডুবোযানে নিজেদের কার্যক্রমও সম্প্রসারণ করছে। নিজস্ব প্রযুক্তির স্বয়ংক্রিয় ডুবোযান এনইটিএ (NETA)-ও ইতোমধ্যে ব্যাপক উৎপাদনে প্রবেশ করেছে। শীগ্রই এর সঙ্গে আরো নতুন নতুন ডুবোযান ব্যবস্থা যুক্ত হবে, যেগুলো মাইন শনাক্ত ও অপসারণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযানসহ বিভিন্ন মিশনে ব্যবহারের জন্য তৈরি করা হবে।
এসটিএমের রপ্তানি কার্যক্রমও দ্রুতগতিতে এগিয়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন, গত চার মাসে আমরা মালয়েশিয়ার জন্য তিনটি করভেট একটির পর একটি পানিতে নামিয়েছি, যার কাজ রেকর্ড সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। ইউক্রেনের একটি নৌ-প্রকল্পের আওতায় প্রথম নৌযানের নির্মাণকাজও সম্পন্ন হয়েছে। আর দ্বিতীয় নৌযানটি ২০২৭ সালে সরবরাহ করার কথা রয়েছে।
তুরস্কের জাতীয় প্রতিরক্ষা কোম্পানিটির মহাব্যবস্থাপক আরো জানান, এসটিএম ইউরোপের বাজারে নিজেদের উপস্থিতি আরো বাড়াচ্ছে। এমনকি পর্তুগিজ নৌবাহিনীর জন্য দ্বিতীয় একটি রসদ সরবরাহ ও লজিস্টিক সহায়তা জাহাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠান আয়োজনেরও প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে বহু দেশে কাজ করছি। এসটিএম-এর প্রকৌশল সক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা বিদ্যমান প্ল্যাটফর্মগুলোকে পরিচালনাগত প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলছি এবং প্রত্যেক গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সমাধান তৈরি করছি। আমরা আশা করছি, অদূর ভবিষ্যতে রপ্তানি নিয়ে আরো সুখবর জানাতে পারবো।
সূত্র: আনাদোলু










