সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরের কাছে সৌদি মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটির মূল ডেকে আগুন ধরে যায়। তবে জাহাজে থাকা সব ক্রু নিরাপদ ও অক্ষত আছেন।
সোমবার (২৪ আগস্ট) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ইউকেএমটিও জানায়, সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবু থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে ট্যাংকারটিতে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটির মূল ডেকে আগুন ধরে যায়।
জাহাজটির কোম্পানি নিরাপত্তা কর্মকর্তার বরাতে সংস্থাটি জানায়, হামলার পর জাহাজে থাকা সবাই নিরাপদ ও অক্ষত আছেন। এ ঘটনায় পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাবের খবর পাওয়া যায়নি।
নিরাপত্তা সূত্রের বরাতে লয়েডস লিস্ট জানিয়েছে, হামলার শিকার জাহাজটি সৌদি পতাকাবাহী ‘আমজান’। ২০১৪ সালে নির্মিত ৩ লাখ ২০ হাজার ৯২৬ ডেডওয়েট টনের এই অপরিশোধিত তেলবাহী ট্যাংকারটি সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহরির মালিকানাধীন।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ডও একটি সৌদি পতাকাবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে। প্রতিষ্ঠানটি প্রথমে ঘটনাস্থল ইয়ানবু থেকে প্রায় ৯০ থেকে ১০০ নটিক্যাল মাইল দূরে বলে জানায়। পরে ইউকেএমটিও ঘটনাস্থল ইয়ানবু থেকে ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে বলে জানায়।
ঘটনার পর লোহিত সাগরের এ নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতা অবলম্বন এবং কোনো সন্দেহজনক তৎপরতা দেখা গেলে তা জানানোর আহ্বান জানিয়েছে ইউকেএমটিও।
সূত্র : ইউকেএমটিও, লয়েডস লিস্ট










