spot_img

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানের প্রতি পাক সেনাপ্রধানের আহ্বান

ইরান ও আমেরিকার মধ্যকার চলমান সংঘাত দ্রুত অবসান এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আলোচনা করতে তেহরান সফর করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।

এক দিনের এই সফরে সংঘাতের বিস্তার ঠেকানো এবং কূটনৈতিকভাবে সংকট সমাধানের ওপর জোর দেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিকে সঙ্গে নিয়ে তেহরান সফর করেন আসিম মুনির। মঙ্গলবার (২৫ আগস্ট) পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সফরের বিস্তারিত জানায়।

আইএসপিআর জানায়, সফরকালে আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে ইরান ও আমেরিকার মধ্যকার সংঘাতের আরও বিস্তার ঠেকানো, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং দ্রুত সংঘাতের অবসান ঘটানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং আলোচনার মাধ্যমে বিরোধের সমঝোতামূলক সমাধানের বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

আইএসপিআর আরও জানায়, সংলাপের সুযোগ তৈরি, উত্তেজনা প্রশমন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন ইরানের শীর্ষ নেতারা। তারা এ ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

ইরান ও আমেরিকার মধ্যকার চলমান সংঘাতে অচলাবস্থা ভাঙা এবং আঞ্চলিক অস্থিতিশীলতার স্থায়ী অবসানের পথ খুঁজে বের করতে পাকিস্তানের বৃহত্তর কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হয়।

এর আগে পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগ ও আলোচনার ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তবে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনাও অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ