spot_img

নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করল ফ্রান্স

নতুন শিক্ষাবর্ষ থেকে ফ্রান্সের উচ্চবিদ্যালয়গুলোতে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, এ সংক্রান্ত আইন কার্যকর করা হচ্ছে।

সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ বলেন, ‘স্ক্রিনের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষা আর অপেক্ষা করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘ফোনমুক্ত স্কুল মানে পড়াশোনার প্রশান্তি ফিরিয়ে আনা।’

এর আগে সোমবার ফরাসি সরকারের মুখপাত্র মোদ ব্রেজোঁ জানান, ম্যাক্রোঁর সিদ্ধান্তের পর নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উচ্চবিদ্যালয়গুলোতে মোবাইল ফোন নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।

অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সঙ্গে সম্পর্কিত ঝুঁকি থেকে সুরক্ষার লক্ষ্যে তৈরি আইনটি গত ২১ জুলাই পাস হয়। আইনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান ছিল ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা। তবে ফ্রান্সের সাংবিধানিক কাউন্সিল ওই বিধানটি আটকে দেয়।

সাংবিধানিক কাউন্সিলের মতে, ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নিষেধাজ্ঞা মতপ্রকাশ ও যোগাযোগের স্বাধীনতার ওপর প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করতে পারে। তবে উচ্চবিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধের বিধানটি বাতিল করেনি কাউন্সিল।

সরকারের মুখপাত্র মোদ ব্রেজোঁ বলেন, তা সত্ত্বেও উচ্চবিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধের বিধানটি একটি ‘স্থিতিশীল, সুসংহত ও আইনগত’ কাঠামোর আওতায় কার্যকর হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু সাংবিধানিক কাউন্সিলের উদ্বেগ বিবেচনায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসংক্রান্ত বিধানগুলোর নতুন সংস্করণ তৈরিতে কাজ করবেন। আগামী বসন্তের মধ্যে শিশু ও তরুণদের সুরক্ষায় সংশোধিত একটি আইনি কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে সরকারের।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ