রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করবে ডেনমার্ক বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ‘রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজের কাজ শেষ করতে সহায়তা দেবে দেশটি। এই ধাপে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারে সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা করবে ডেনমার্ক।’
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মীর শাহে আলম বলেন, এই সহায়তার মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার। এতে সরকারের ওপর চাপ পড়বে না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে।
এ ছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ১০০ কোটি টাকা দেবে ডেনমার্ক।










