spot_img

গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে: ডা. জাহেদ

দেশে গ্যাসের সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি সংকট কাটাতে আরও দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, গ্যাসের কার্গো সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে, তবে তা দ্রুত ঠিক হয়ে যাবে। জ্বালানি খাতে যথেষ্ট ভালো অবস্থায় যেতে সরকারের প্রায় দুই বছর সময় লাগতে পারে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, গ্যাস সহজে পাওয়া যাচ্ছে না এবং অনেক বেশি দাম হাঁকানো হচ্ছে। জনগণের চলমান সংকটের প্রতি সরকার সমব্যথী। তবে এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট। জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি বলেন, প্রায় দুই বছর অন্তর্বর্তী সরকার ছিল। তারাও স্থলভাগে গ্যাস অনুসন্ধানের চেষ্টা করেনি। তাদের সৌভাগ্য ছিল, তখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়নি।

গ্যাস সরবরাহ ও ভর্তুকির প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম ভর্তুকি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? সেই সিদ্ধান্তে আমাদের আসতে হবে।’

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘জ্বালানিতে যথেষ্ট ভালো অবস্থায় যেতে দুই বছরের মতো সময় লাগবে। তবে এর অর্থ এই নয় যে, বাকি সময়ে দেশের অবস্থা আগের সময়ের চেয়ে খারাপ থাকবে। আগের চেয়ে খারাপ অবস্থায় থাকব না।’

গ্যাস সংকটের কারণ প্রসঙ্গে তিনি বলেন, মোটা দাগে ব্যবস্থাপনায় কিছুটা অদক্ষতা থাকতে পারে। তবে যুদ্ধই বড় সমস্যা।

জ্বালানি সংকট থেকে দ্রুত বের হতে পারলে দেশে নতুন বিনিয়োগ আসবে এবং বন্ধ কারখানাগুলো আবার চালু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে সিপিডির প্রতিবেদন সরকারের পক্ষ থেকে যাচাই-বাছাই করা হবে বলে জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ