নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীর খিলগাঁও তালতলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশ। তবে বিকাল ৫টার মধ্যে কর্মসূচি শেষ করাসহ ২৩ শর্তে এ সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বুধবার (১০ মার্চ) ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বেলা ২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে দলীয় মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের সভাপতিত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সব সিটি করপোরেশনের দলীয় মেয়রপ্রার্থীরা উপস্থিত থাকবেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক বলেন, সমাবেশ পরিচালনা করবেন ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এএফএম আব্দুল আলিম নকি।











