ররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। তারা যদি কাজটি ঠিকমতো করতে পারত এবং আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে পারত, তাহলে চার-পাঁচ বছরের মধ্যে এই সমস্যা সমাধানের দিকে যাওয়া যেত। কিন্তু সেটা হয়নি।
মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সমস্যা আরও ঘনীভূত হয়েছে। সেখানে এখন আরাকান আর্মি আছে, রাখাইন রাজ্যের অন্য স্টেকহোল্ডাররা আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও এখন অনেক জটিল। আমাদের সীমান্তে অনেক সমস্যা হচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সংখ্যাটাও এখন কেউ সঠিকভাবে বলতে পারে না। কারণ, প্রতিদিনই কমবেশি মানুষ আসছে এবং বছরে গড়ে সেখানে ৩০ হাজার শিশু ভূমিষ্ঠ হচ্ছে। আমরা সংখ্যাটা ঠিকমতো এখন জানি না, তবে অবশ্যই ১৩ লাখের ওপরে হবে।
তিনি বলেন, সরকার এ সমস্যার সমাধানে রাখাইন রাজ্যের সংশ্লিষ্টদের এবং মিয়ানমার সরকারের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ করছে, আলাপ চলছে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে বিগত সরকারের সময়ে হওয়া সমঝোতা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের ফেরাতে এমওইউ তো একটা হয়েছে। এটা থেকে বের হয়ে এলে যে খুব একটা লাভ হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, এখন জাতিসংঘসহ অন্য স্টেকহোল্ডারদের আরও বেশি যুক্ত করতে হবে।’











