জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী লীগের ভেতরেই ‘লুকিয়ে ছিল’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে ‘লঘু’ বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি বিরোধী দলের সঙ্গে সরকারের আচরণ নিয়ে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। তাহেরের বক্তব্যের ভিত্তিতে জামায়াত ও এনসিপি ভবিষ্যতে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে পারে বলেও দাবি করেন তিনি।
রাশেদ খান লেখেন, ‘বিরোধীদলের সঙ্গে সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি আগেই বলেছিলাম, ভবিষ্যতে জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আন্দোলন করবে। এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে সেটি স্পষ্ট হলো।’
তিনি আরও লেখেন, ‘সেপ্টেম্বর-নভেম্বর লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করে, ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত!’
১৯৭১ সালে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, ‘তাহের সাহেবের বক্তব্য অনুযায়ী, ২৪-এর গণঅভ্যুত্থানে ১৪০০ এর অধিক শহীদ, ৩০০০০ আহত যোদ্ধার রক্ত জামায়াতের কাছে কিছুই না! এজন্য জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়! তা না হলে ২৪ এর গণহত্যাকারী আওয়ামী লীগও জামায়াতের ওপর দমন করেনি, এ কথা বলে কীভাবে?’
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ গত ১৬ বছর জামায়াতের সঙ্গে খারাপ আচরণ করেনি, কারণ জামায়াত আওয়ামী লীগের মধ্যেই ‘লুকিয়ে ছিল’।
তার অভিযোগ, আওয়ামী লীগের কর্মকাণ্ডকে স্বাভাবিক হিসেবে তুলে ধরতে জামায়াতের পক্ষ থেকে নতুন রাজনৈতিক বক্তব্য সামনে আনা হচ্ছে।
পোস্টের শেষাংশে জামায়াত নেতা তাহেরের বক্তব্যের সমালোচনা করেন রাশেদ খাঁন। একই সঙ্গে এনসিপি নেতা নাহিদ ইসলামও বিষয়টি উপভোগ করছেন বলে মন্তব্য করেন তিনি।











