পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে হেস্টিংস থানায় এই এফআইআর দায়ের করা হয়েছে।
আদালতের নির্দেশ অবমাননা, পুলিশের কাজে বাধা এবং আদালতের নির্ধারিত সময়ের পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা ছাড়াও অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। হাইকোর্টের নির্দেশ ছিল, রাস্তার উত্তরমুখী লেন খোলা রেখে অনুষ্ঠান করতে হবে। কিন্তু বাস্তবে উভয় দিকের লেনই বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।
পাশাপাশি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশ অনুযায়ী বিকেল ৩টা পর্যন্ত সভা করা যাবে। কিন্তু ওই সময় পেরিয়ে যাওয়ার পরও কর্মসূচি শেষ হয়নি বলে অভিযোগ ওঠে।
এর পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নেয় কলকাতা পুলিশ।
সূত্র: আনন্দবাজার অনলাইন











