আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে ২৬ কোটি ৭০ লাখ ডলার মূল্যের ২০টি বাণিজ্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) উজবেকিস্তানের কাশকাদারিয়া প্রদেশের ব্যবসায়ী ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এতে আফগানিস্তান ও উজবেকিস্তানের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন।
আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ জানান, দুই দেশের প্রতিনিধিদলের পারস্পরিক সফরের পর অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তিনি বাণিজ্য ও ট্রানজিট প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন। উজবেকিস্তানের ভূখণ্ড দিয়ে আফগানিস্তানের রপ্তানি পণ্য পরিবহন নিয়েও আলোচনা করতে কাবুল প্রস্তুত বলে জানান তিনি।
কাশকাদারিয়ার উপ-গভর্নর শাহরেত মুরাদভ বলেন, আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিল্প সহযোগিতা আরও বাড়াতে তার প্রদেশ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে আফগান ব্যবসায়ী ও প্রতিনিধিদলকে কাশকাদারিয়ায় আমন্ত্রণ জানানোর আগ্রহও প্রকাশ করেন তিনি।
চুক্তিগুলোতে খাদ্যপণ্য, পোশাক, নির্মাণ, পশুসম্পদ, ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাবপত্রসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে।











