গ্রিসের সঙ্গে ৩.৪ বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে ইসরাইল। আগামীকাল সোমবার (৩১ আগস্ট) তেল আবিবে দুই দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩.৪ বিলিয়ন ডলারের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অ্যাকিলিস শিল্ড’। প্রকল্পটির লক্ষ্য গ্রিসের জন্য একটি বহুস্তরীয় আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
চুক্তিটি গত ২৩ জুলাই গ্রিসের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক সরকারি কাউন্সিল অনুমোদন করে।
গ্রিক সংবাদপত্র একাথিমেরিনি জানিয়েছে, নতুন প্রতিরক্ষা ব্যবস্থায় গ্রিসের বিদ্যমান সামরিক সরঞ্জাম ও ইসরাইলি প্রযুক্তির সমন্বয় করা হবে।
এর মধ্যে থাকবে গ্রিসের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশটির বিভিন্ন দ্বীপ ও মূল ভূখণ্ডের সামরিক ঘাঁটিতে ইতোমধ্যে মোতায়েন থাকা ড্রোন। এর সঙ্গে যুক্ত করা হবে ইসরাইলের তৈরি আধুনিক আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্ম।
নতুন ‘অ্যাকিলিস শিল্ড’ ব্যবস্থা চালু হলে গ্রিসের আকাশসীমা ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর সুরক্ষা আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা











