ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন বাঘাওয়াত বলেছেন, কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমদের জায়গা নেই, তাহলে তিনি আর হিন্দু থাকবেন না।
শনিবার (২৯ আগস্ট) নিউইয়র্কে ‘ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হিউম্যানিটি’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বাঘাওয়াত বলেন, মুসলিমদের সঙ্গে আলোচনার সময় আরএসএসের লক্ষ্য ও ‘হিন্দু রাষ্ট্র’ ধারণা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়া হবে কি না।
জবাবে তিনি বলেন, ‘আমি বলেছি, না। হিন্দু রাষ্ট্র হলে মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়া হবে না। এটি হিন্দুত্ব নয়। যদি কোনো হিন্দু মনে করেন ভারতে মুসলিমদের জায়গা নেই, তাহলে তিনি আর হিন্দু থাকবেন না।’
তিনি আরও বলেন, হিন্দু হিসেবে পরিচয় দিতে হলে সব পথ একই লক্ষ্যের দিকে নিয়ে যায় এবং প্রত্যেক মানুষের মর্যাদা রয়েছে, এ বিশ্বাস ধারণ করতে হবে।
আরএসএস ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি শাখা নয়। তবে সংগঠনটি বিজেপির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং বিজেপির আদর্শিক ভিত্তি হিসেবে ব্যাপকভাবে বিবেচিত।
বাঘাওয়াতের নিউইয়র্ক সফর ও অনুষ্ঠান ঘিরে বিভিন্ন মানবাধিকার ও আন্তধর্মীয় সংগঠন প্রতিবাদ জানিয়েছে। আরএসএসের বিরুদ্ধে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি অসহিষ্ণুতা ও সহিংসতায় ভূমিকার অভিযোগ রয়েছে। সংগঠনটি এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স











