প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা সংরক্ষণ এবং ভুয়া মুক্তিযোদ্ধা সনদ শনাক্ত ও বাতিলের লক্ষ্যে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা সংসদে বিস্তারিত তুলে ধরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই এবং তদন্ত ও শুনানি পরিচালনা করা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একটি নিয়মিত ও চলমান প্রক্রিয়া। এর মাধ্যমে ভুয়া সনদধারীদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালের এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, মন্ত্রণালয় কিংবা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) অমুক্তিযোদ্ধা-সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে জামুকার উপ-কমিটির মাধ্যমে তা তদন্ত ও শুনানি করা হয়। যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট ব্যক্তি প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত না হলে তার গেজেট বাতিলের সুপারিশ করা হয়।











