spot_img
spot_img

এই আইনে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না, তার স্বামী গুম ছিলেন : কর্নেল হাসিন

সংসদে উত্থাপিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক। তিনি বলেছেন, এই বিলে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে তার স্বামী গুমের শিকার হয়েছিলেন।

রোববার (৩০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার পর আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

স্মারকলিপি দেওয়ার পর হাসিনুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা অনেক আশা নিয়ে স্পিকারের কাছে গিয়েছিলাম। আমাদের সব পয়েন্ট আমরা স্পিকারকে জানিয়েছি। তিনি আমাদের সাথে দ্বিমত করেননি এবং এ বিষয়ে সর্বাত্মক চেষ্টা করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।’

প্রস্তাবিত গুমবিরোধী আইনের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি বলেছি, যে আইনটি করা হয়েছে, তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে তার স্বামীকে গুম করা হয়েছিল। আমরা এ ধরনের ত্রুটিপূর্ণ আইন চাই না। আমাদের ধৈর্যের একটি সীমা আছে।’

এ সময় দেশ ও জনগণের স্বার্থে আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চসহ ঘোষিত সব কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক ও ব্যারিস্টার শাহরিয়ার কবির উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ