আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইমারাতে ইসলামিয়ার বিষয়ে নিজেদের নীতি ও অবস্থান পুনর্বিবেচনার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী।
বুধবার জাপানের কিয়োদো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। আফগানিস্তান থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের পাঁচ বছর পর ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহের কথাও জানান তিনি।
মাওলানা আমীর খান মুত্তাকী বলেন, “আমরা আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই। পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই পক্ষ সম্পর্ক ও যোগাযোগ এগিয়ে নিতে পারে। স্বীকৃতির বিষয়টি পরবর্তী ধাপের বিষয়।”
তিনি বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইমারাতে ইসলামিয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করা উচিত আমেরিকার।
সাক্ষাৎকারে জাপানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক নিয়েও কথা বলেন মাওলানা মুত্তাকী। দুই দেশের সম্পর্ককে ঐতিহাসিক ও ঘনিষ্ঠ উল্লেখ করে তিনি টোকিওতে আফগান দূতাবাসের কার্যক্রম পুনরায় চালুর আহ্বান জানান।
রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের সম্পর্কের বিষয়েও কথা বলেন তিনি। মাওলানা মুত্তাকী জানান, রাশিয়ার সঙ্গে সামরিক ও কারিগরি সহযোগিতা চুক্তির উদ্দেশ্য দেশটির তৈরি অস্ত্র মেরামত ও রক্ষণাবেক্ষণ করা। এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়।
এখন পর্যন্ত রাশিয়াই একমাত্র দেশ, যারা ইমারাতে ইসলামিয়াকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। তবে কাবুল আমেরিকা, জাপানসহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক ও কূটনৈতিক যোগাযোগ সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্র : টোলো নিউজ











