spot_img
spot_img

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হয়েছে। ফলে এ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী আবারও দেলাওয়ার হোসেনকে প্রার্থী করেছে।

রোববার (৩০ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

এদিন ঠাকুরগাঁও জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম এ ঘোষণা দেন।

জানা যায়, দেলাওয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিও।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি হলো নির্বাচন। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল হিসেবে দেশের সব নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। আমরা আশা করি, জনগণ যদি পছন্দ অনুযায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে জামায়াতে ইসলামী মনোনীত ১১-দলীয় ঐক্যের প্রার্থী বিজয়ী হবেন।’

তিনি আরও বলেন, ‘জনগণ বিগত নির্বাচনে উৎসাহের সঙ্গে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিল। জনপ্রত্যাশা ছিল, জামায়াত নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। কিন্তু মানুষ মনে করে, নির্বাচন দৃশ্যত সুষ্ঠু হলেও ফলাফল জালিয়াতির মাধ্যমে জামায়াতের বিজয়কে ঠেকিয়ে দেওয়া হয়েছে।’

এ সময় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল টিম সদস্য ও ঠাকুরগাঁও জেলার সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলার সাবেক আমির আনোয়ারুল ইসলাম এবং পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসেন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ