spot_img
spot_img

উগ্রবাদী আরএসএসের অনুষ্ঠানে সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

নিউইয়র্কে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির প্রধান মোহন ভাগবতের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

শনিবার (২৯ আগস্ট) নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আরএসএসের শতবর্ষ উদযাপনকে সামনে রেখে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম প্রধান বক্তা ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

আরএসএসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত অনুষ্ঠানের ছবিতে মোহন ভাগবতের সঙ্গে একই মঞ্চে সাইফুদ্দীন মাইজভাণ্ডারীকে দেখা যায়। সেখানে বিভিন্ন দেশ ও ধর্মীয় সম্প্রদায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্যমতে, অনুষ্ঠানে ৩০টি দেশের ১৮০ জন ধর্মীয় নেতা অংশ নেন। ধর্মীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানে একটি প্রস্তাবনা পাঠ করা হয় এবং ভবিষ্যতের জন্য পাঁচ দফা কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

তবে বিষয়টি সামনে আসার পর সাইফুদ্দীন মাইজভাণ্ডারীর দল বাংলাদেশ সুপ্রিম পার্টির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া দাবি করেন, তিনি আরএসএস প্রধানের কোনো অনুষ্ঠানে যাননি। তবে বর্তমানে দেশের বাইরে রয়েছেন বলে জানান তিনি।

অন্যদিকে, আরএসএসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে একই অনুষ্ঠানের মঞ্চে সাইফুদ্দীন মাইজভাণ্ডারীর উপস্থিতি স্পষ্টভাবে দেখা যাওয়ায় বিএসপি নেতার বক্তব্যের সঙ্গে প্রকাশিত তথ্যের অসঙ্গতি দেখা দিয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, সাইফুদ্দীন মাইজভাণ্ডারীর নিউইয়র্কে আরএসএসের অনুষ্ঠানে যাওয়ার বিষয়টি তারা খোঁজখবর নিচ্ছেন।

মোহন ভাগবতের অংশগ্রহণকে কেন্দ্র করে অনুষ্ঠানটির আগেই নিউইয়র্কে বিতর্ক তৈরি হয়। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি প্রকাশ্যে অনুষ্ঠানটির বিরোধিতা করেন এবং আরএসএসের আদর্শ ও কর্মকাণ্ডের সমালোচনা করেন।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নিযুক্ত তৎকালীন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার শরিফ সফর করেন। সেখানে তিনি গিলাফ দেন ও দোয়া করেন। এ সময় বাংলাদেশ-ভারত বন্ধুত্ব, দুই দেশের মানুষের সমৃদ্ধি ও অগ্রগতি এবং মানবতার কল্যাণের জন্য দোয়ার কথা জানান তিনি। মাইজভাণ্ডারে এসে দোয়া করার সুযোগ দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন দোরাইস্বামী।

ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম প্রধান আদর্শিক কেন্দ্র আরএসএস। মুসলিমসহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ, বৈষম্য ও সাম্প্রদায়িক রাজনীতি বিস্তারে সংগঠনটি দীর্ঘদিন ধরে সক্রিয়। ভারতের ক্ষমতাসীন বিজেপির আদর্শিক ভিত্তি হিসেবেও কাজ করে আরএসএস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ