spot_img
spot_img

চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন।

এরপর উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা ও ফিজিওথেরাপি চলে।

দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের পর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় মেডিক্যাল বোর্ডের পরামর্শে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। তবে দেশে ফেরার পরও তার চিকিৎসা ও নিয়মিত ফিজিওথেরাপি চালিয়ে যেতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ