ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গণী বারাদার আখুন্দ বলেছেন, দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো, গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন এবং বৈজ্ঞানিক সক্ষমতা শক্তিশালী করার মাধ্যমে আফগানিস্তান বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কাবুলে সানা-ই-সাবজ শিল্প পার্কের পুনর্বাসন পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোল্লা বারাদার শিল্প পার্কটিকে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে উল্লেখ করে বলেন, এর উন্নয়ন হলে শত শত নতুন কারখানা স্থাপনের সুযোগ তৈরি হবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে।
তিনি নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয় এবং গ্রিন ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিয়াল পার্কের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রয়োজনীয় মানদণ্ড অনুযায়ী পুনর্বাসন প্রকল্পটি সম্পন্ন করার আহ্বান জানান।
তিনি বলেন, ওই পার্কে আফগানিস্তান ইসলামিক কালচার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং প্রোডাকশন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের অভ্যন্তরে কাগজের চাহিদা পূরণে সহায়তা করার পাশাপাশি আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, কেন্দ্রটিতে জ্ঞানভিত্তিক ও গবেষণামূলক গ্রন্থ মুদ্রণ ও প্রকাশনার মাধ্যমে আফগানিস্তানের ইসলামি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও ভূমিকা রাখা সম্ভব হবে। একই সঙ্গে এ খাতে দেশটির স্বনির্ভরতা বাড়বে।
সানা-ই-সাবজ শিল্প পার্কটি ৮ হাজার ২০০ জেরিব জমির ওপর প্রতিষ্ঠিত। বর্তমানে সেখানে ১২০টি কারখানা রয়েছে। পার্কটিতে বিনিয়োগের পরিমাণ আনুমানিক ৮০ কোটি ডলার।
সূত্র: আরিয়ানা নিউজ











