জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে আগামীকাল শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে জনগণের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে লংমার্চের সূচনা সমাবেশের জন্য নির্মাণাধীন মঞ্চ ও সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায় এবং একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সংস্কারকৃত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচি। তিনি লংমার্চ শান্তিপূর্ণভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা সমাবেশস্থল ঘুরে দেখেন এবং মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেন।
আগামীকাল সকাল ৭টায় মতিঝিলের শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে। পথে বিভিন্ন স্থানে পথসভা এবং জনগণের পক্ষ থেকে সংবর্ধনা ও অভিবাদন কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষ পর্যায়ে বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে সমাবেশের মাধ্যমে লংমার্চ শেষ হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাধিকারের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ, গ্যাস, তেল ও সার সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে।











