জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, ‘আমরা সরকারকে বলব, আপনারা দাবিগুলো মেনে নিন। যদি দাবি না মানেন, ছয় দফা এক দফায় রূপান্তরিত হবে। সেই দফা হলো সরকারের পদত্যাগ।’
শনিবার (৫ সেপ্টেম্বর) গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ কুমিল্লায় পৌঁছানোর পর আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
কুমিল্লার মানুষের সাহসিকতার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কুমিল্লাবাসী কখনো সন্ত্রাসীদের কাছে মাথানত করেনি এবং চাঁদাবাজদের কাছেও মাথানত করবে না। সরকারের গদি নড়ে গেছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের মাঠ ছাড়তে নিষেধ করেন। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে বলেও দৃঢ়ভাবে উল্লেখ করেন।
১১ দলীয় জোটের আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘আল্লাহর ওপর ভরসা রেখে এবং বুকের তাজা রক্ত দিয়ে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলার আনাচে-কানাচে ১১ দলীয় ঐক্যের রাহবার ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন সংগ্রাম শুরু হয়েছে।’











