spot_img
spot_img

আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে চলে গেলে বিশ্বে তেল-গ্যাস সরবরাহ নিশ্চিত করার মতো কেউ থাকবে না: ভ্যান্স

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা সরে গেলে বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করার মতো আর কেউ থাকবে না। একইসঙ্গে তিনি দাবি করেছেন, উপসাগরীয় আরব দেশগুলোও আমেরিকাকে অঞ্চল ছেড়ে না যাওয়ার জন্য অনুরোধ করেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালিতে আমেরিকার সামরিক উপস্থিতি ও এর ব্যয় নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভ্যান্স বলেন, “আমাদের সামনে দুটি বিকল্প রয়েছে। আমরা চলে যেতে পারি। কিন্তু তাহলে পুরো বিশ্ব আরও খারাপ অবস্থায় পড়বে, কারণ তেল ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করার মতো কেউ থাকবে না।”

এরপর উপসাগরীয় আরব দেশগুলোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, “উপসাগরীয় আরব দেশগুলো আমাদের বলছে, সেটিই হবে বিশ্বের সবচেয়ে খারাপ বিষয়।”

ভ্যান্সের দাবি, এসব দেশ আমেরিকাকে বর্তমান ভূমিকা থেকে সরে না যাওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করেছে।

তিনি আরও বলেন, ইউরোপের কয়েকটি দেশ প্রকাশ্যে আমেরিকার ভূমিকার সমালোচনা করলেও ব্যক্তিগতভাবে তারা স্বীকার করছে, ওয়াশিংটন বর্তমান ভূমিকা পালন না করলে বিশ্বের আর কোনো দেশ সেটি করতে পারবে না।

ভ্যান্সের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসের সরবরাহ অব্যাহত রাখতেই আমেরিকা সেখানে সামরিক ও নৌ ভূমিকা পালন করছে।

একই সংবাদ সম্মেলনে তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি উপসাগরীয় দেশের প্রসঙ্গও তোলেন। তার দাবি, এসব দেশের অনেকে প্রকাশ্যে সব কথা না বললেও ব্যক্তিগতভাবে আমেরিকার বর্তমান ভূমিকা অব্যাহত রাখার পক্ষে অবস্থান জানিয়েছে।

তবে ভ্যান্স মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সব সেনা, সামরিক ঘাঁটি ও সমরাস্ত্র প্রত্যাহারের কোনো ঘোষণা দেননি। তার বক্তব্যের মূল প্রেক্ষাপট ছিল হরমুজ প্রণালিতে আমেরিকার চলমান সামরিক উপস্থিতি ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা।

সূত্র : হোয়াইট হাউস, রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ